বিনোদন ডেস্ক- দীর্ঘ ১৮ মাস পর রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমদিন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই, খোলা হয় স্কুল কলেজ। প্রথমদিন উচ্ছ্বাস নিয়েই কলেজে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা দীঘি।
বিকেলে গণমাধ্যমের সাথে আলাপে নায়িকা দীঘি বলেন, কলেজে প্রথমদিন খুব দারুণ কেটেছে। বছরের প্রথম দিন স্কুলে যাওয়ার মতো অনুভূতি হয়েছে। কতদিন পর সবাইকে সরাসরি দেখলাম!
দীঘি বলেন, আজ যখন ক্লাসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। ঠিক করতে পারছিলাম না, কোনটা রেখে কোনটা করবো! এতদিন পর ক্লাসে গিয়ে সব নতুন লেগেছে। তবে ভালো লাগছিল বেশ। সবাই স্বাস্থ্যবিধি মানছেন। কলেজে ঢোকার আগে হাত ধুলাম। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করলাম। আর আমরা গ্যাপ রেখে ক্লাসে বসেছি। সব মিলিয়ে ভালো লাগছে এজন্য যে সেফটি মানা হচ্ছে আবার ক্লাসও হচ্ছে।
দীঘি জানান, কলেজ খুলে দেওয়ার ঘোষণার পর থেকে বন্ধুরা তার সঙ্গে যোগাযোগ করছেন। সবাই আবদার করেন, তাকে কলেজে আসতেই হবে। দীঘি বলেন, ‘বন্ধুরা অনুরোধ না করলেও আমি কলেজে আসতাম। কত দিন পর দেখা, কলেজেরে আঙ্গিনায় হাঁটা! দারুণ একটা ব্যাপার।’
উল্লেখ্য, স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দীঘি। মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে দূরে থাকলেও এখন নিয়মিত। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়িকার খাতায় নাম লিখেয়েছেন তিনি। এরইমধ্যে ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ নামে তার দুটি সিনেমা মুক্তি পেয়েছে।
