সব লোক জেলে নিলেও সরকারের পতন ঠেকানো যাবে না: গয়েশ্বর

নজর২৪, ঢাকা- ধরপাকড় করে সরকারের পতন ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

 

চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গিয়ে বৃহস্পতিবার এ মন্তব্য করেন দলের জ্যেষ্ঠ এই সদস্য। কয়েক দিন ধরে নতুন করে নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে এনে এ কথা বলেন তিনি।

 

গয়েশ্বর বলেন, ‘এই ধরপাকড় হলো একটা বার্তা। সরকার যখন দুর্বল হয়ে পড়ে, তখন বিরোধী দলকে দুর্বল করার জন্য, নেতা-কর্মীদের মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার জন্য তারা মাঝেমধ্যে এ রকম হাওয়া দেবে। তবে আমরা এখন বলব একটাই কথা, সব লোক জেলে যাক, তারপরও সরকারের পতন ঠেকিয়ে রাখার কোনো সুযোগ নেই।’

 

বিএনপি আন্দোলন করতে জানে এবং আন্দোলন করে আসছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলন করার অভিজ্ঞতা আছে। আর আন্দোলন কখনও বৃথা যায় না। কোনো আন্দোলন দীর্ঘস্থায়ী, কোনো আন্দোলন হয় স্বল্পক্ষণের জন্য।

 

‘বিএনপি আন্দোলন করতে পারে। ২০১৩ সালে আন্দোলন দেখেছেন। বিএনপি আন্দোলনে করতে পারে, ২০১৫ সালে দেখেছেন। সামনে এমন আন্দোলন দেখবেন আর সরকারের পক্ষে দাঁড়িয়ে কথা বলার আপনাদের সুযোগ থাকবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *