কালীগঞ্জে বিলের পানিতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিলের পানিতে গোসল করতে গিয়ে ৪ স্কুলছাত্রের মধ্যে দুই জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ সময় বাকি দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি নাউখৈয়া দিঘির (আরডিআরএস এলাকায়) জাহাঙ্গীরের মৎস প্রকল্পে এ ঘটনা ঘটে।

 

মৃত সিয়াম তুষভান্ডার সাব-রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শরিফুজ্জামান মিঠু পুত্র। অপরজন মাহিম মুজিবুর রহমানের পুত্র। তারা তুষভান্ডার সুন্দ্রাহবি এলাকার বাসিন্দা।

 

স্থানীয় ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুর সাড়ে ১টার দিকে সুন্দ্রাহবি বিলের একটি মাছের প্রকল্পে নেমে গোসল করতে থাকে চার বন্ধু। এ সময় হঠাৎ ২ জন বন্ধু সাঁতার না জানার কারণে পানিতে ডুবে সেখানে থাকা বালুতে তলিয়ে যায়। পরে দুজন উঠে আসতে পারলেও সিয়াম ও মাহিন পানিতে তলিয়ে যায়।

 

আশাপাশের কয়কজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজি করলে তাদের না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মৃত দুই পরিবারের শোকের ছায়া নেমে পড়েছে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবব্রত কুমার রায় বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে।

 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাত হোসেন বলেন, মাছের প্রজেক্টে বালু থাকায় সেখানে তারা তলিয়ে গেছে। এ বিষয় কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *