স্কুল-কলেজে সপ্তাহে একদিন ক্লাস: শিক্ষা উপমন্ত্রী

নজর২৪, চট্রগ্রাম- স্কুল-কলেজে সশরীরে ক্লাস চালুর পর প্রাথমিকভাবে সপ্তাহে একদিন ক্লাস নেওয়ার পরিকল্পনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 

শনিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের উদ্বোধনের পর তিনি এ মন্তব্য করেন।

 

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী যে সুনির্দিষ্ট তারিখ (১২ সেপ্টেম্বর) ঘোষণা করেছেন, ওইদিন থেকে শারীরিক উপস্থিতির মাধ্যমে ক্লাস শুরু করতে পারবো। প্রাথমিকভাবে সপ্তাহে একদিন করে ক্লাস নেওয়ার চিন্তা করছি। তবে এটা পরিবর্তন হতে পারে। হয়তো আরও বেশিদিন শিক্ষার্থীদের ক্লাসে আনতে পারবো। আপাতত আমাদের পরিকল্পনা এটাই। কয়দিন শিক্ষার্থীদের ক্লাসে আনার বিষয়ে সম্মত হয়েছি তবে এর জন্য সর্বশেষ দিন (১১ সেপ্টেম্বর) পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

 

এছাড়া এইচএসসি এবং এসএসসি পরীক্ষা স্বশরীরে নেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। এটাই আপাতত লক্ষ্য। অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে। আগামীতে নতুন সিলেবাসের রূপরেখা দাঁড় করিয়েছি। প্রধানমন্ত্রীর সাথে আলাপ-আলোচনা করে নতুন সিলেবাসটা বাস্তবায়ন করা হবে বলেও জানান উপমন্ত্রী।

 

শিক্ষা উপমন্ত্রী বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর মানসিক চাপের সৃষ্টি হয়েছে। শিক্ষাখাতে বেশ ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনলাইনে, অফলাইনে ও টেলিভিশনে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করেছি। প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাসহ সব পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এটা যথেষ্ট নয়।

 

তিনি আরও বলেন, এই মুহূর্তে প্রাথমিকভাবে আমাদের চিন্তা হচ্ছে, করোনার সংক্রমণ হার নিয়ন্ত্রণে রাখা। সংক্রমণ হার এখন নিয়ন্ত্রণের মধ্যে আছে। স্বাস্থ্য খাতের ওপর তেমন চাপ পড়ছে না।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চমেক হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের জরুরিসেবা চালু হয়েছে। এতে এক ছাদের নিচে সব ধরনের জরুরিসেবা মিলবে। রোগীরা এখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাবেন। ফলে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের চাপ কমে যাবে।’

 

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, চমেকের অধ্যক্ষ ডা. শাহানা আক্তার, বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি ডা. মুজিবুল হক খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *