যে কারণে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি

নজর২৪, ঢাকা- মাদক মামলায় গ্রেপ্তার অভিনেত্রী পরীমনিকে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস শুনানি শেষে ৫০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের এই আদেশ দেন।

 

যেহেতু পরীমণি একজন চিত্রনায়িকা এবং একজন নারী, শারীরিক অসুস্থতা। তাছাড়া সরকারি অনুদানপ্রাপ্ত প্রীতিলতা নামক একটি চলচ্চিত্রে তার অভিনয়ের শিডিউল চলছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল পর্যন্ত জামিনের আদেশ দেন আদালত।

 

এদিন পরীমণির পক্ষে জামিন শুনানি করেন তার আইনজীবী মজিবুর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভী, কামরুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে। অপরদিকে রাষ্ট্রপক্ষ থেকে তার বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

 

গত ৪ অগাস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে এ মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমনির বাসা থেকে ‘মদ এবং আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য’ উদ্ধারের কথা বলা হয়।

 

এ মামলায় তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তৃতীয় দফা রিমান্ড শেষে গত ২১ অগাস্ট পরীমনিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

পরদিন পরীমনির পক্ষে জামিন আবেদন করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রাখেন। পরদিন আরেক আবেদনে ‘দ্রুত শুনানির’ আর্জি জানান পরীমনির আইনজীবী মজিবুর রহমান।

 

তাতে সাড়া না পেয়ে গত ২৫ অগাস্ট তিনি হাই কোর্টে আবেদন করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমনির জামিনের আবেদনও করা হয়।

 

প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ ২৬ অগাস্ট সরাসরি জামিনের আদেশ না দিয়ে রুল জারি করে। আদেশের অনুলিপি পাওয়ার দুই দিনের মধ্যে পরীমনির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।

 

সেইসঙ্গে ২২ অগাস্ট পরীমনি জামিন অবেদন করার পর শুনানির জন্য ২১ দিন পর তারিখ রেখে ঢাকার মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে, সেটি কেন বাতিল করা হবে না, তাও জানতে চায় হাই কোর্ট।

 

১ সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। ২৪ ঘণ্টার মধ্যে এ আদেশ বিবাদীর কছে পৌঁছানোর জন্য সরকারের আইন কর্মকর্তাদেরও নির্দেশ দেয় হাই কোর্ট।

 

এরপর গত রোববার সেই রুল শুনানির নির্ধারিত তারিখের আগেই পরীমনির জামিন শুনানির জন্য ৩১ অগাস্ট তারিখ রাখে মহানগর দায়রা জজ আদালত। সেই শুনানি শেষে গ্রেপ্তার হওয়ার ২৭ দিন পর জামিন মিললো পরীমনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *