বিনোদন ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অতিষ্ঠ হয়ে গেছে ‘সি ইউ নট ফর মাইন্ড’ ডায়ালগ খ্যাত শ্যামলের যাপিত জীবন। তাই বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করতে ইউটিউবারদের অনোরোধ জানিয়েছেন তিন।
শ্যামল বলেন, আপনারা সবাই জানেন আমি দরিদ্র একজন ছেলে। আর এই দরিদ্রতার জন্য সবাই আমাকে নিয়ে ফায়দা লুটতেছে। আপনারা জানেন আমার বাড়ির পরিস্থিতি। আমি গরিব ঘরের সন্তান। ইউটিউবার ভাইদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমাকে নিয়ে আপনারা অনেক খেলেছেন, আর খেলবেন না। আমি আর এই খেলায় থাকতে চাই না।
সম্প্রতি একটি ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন শ্যামল। মূলত আরেক সোশ্যাল মিডিয়া এন্টারটেইনার আশরাফুল আলম ওরফে হিরো আলমের কাছে একটি বিষয়ে মাফ চাইতে এসে এসব কথা বলেন শ্যামল।
শ্যামল দাবি করেন, তাকে ব্যবহার করে ইউটিউবাররা ফায়দা নিচ্ছে। তারাই তাকে গান গাওয়ানোর মতো কাজ করিয়েছে। এমনকি সোশ্যাল ‘হাইপ’ তোলার জন্য হিরো আলমের দিন শেষ, শ্যামলের বাংলাদেশ এ রকম কথাবার্তা বলানো হয়েছে বলে জানান শ্যামল। এ নিয়ে হিরো আলমের কাছে প্রকাশ্যে ক্ষমাও চান তিনি।
শ্যামল বলেন, সম্প্রতি হিরো আলম ভাই আমার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন। আমি হিরো আলম ভাইকে বলতে চাই, ভাই আমি যে কাজটি করেছি, আপনার কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। কাজটা করা আমার ঠিক হয়নি। আমি বুঝতে পারিনি, এ ধরণের চাপ আসবে আমার উপর।
শ্যামল দাবি করেন, ভাইরাল হওয়ার পর তাকে অনেক ইউটিউবার নানাভাবে চাপে ফেলে ভিডিওর উপকরণ তৈরি করেছে। তিনি বলেন, আমাকে নানাভাবে চাপে ফেলে অনেকেই ভিডিও বানিয়েছে। গান গাইয়েছে। আমি কিছু বুঝি নাই। আমার কাছে সবার ফোনের রেকর্ড আছে। হিরো আলম ভাইকে নিয়ে যে ভিডিওতে বলেছি, আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তারা ওই ভিডিওটি নাকি ডিলিট করবে না। তা ছাড়া আমাকে তারা হুমকি দিয়েছে, তুমি যদি কাজ না করো, তাহলে তোমার খারাপ কাজ করব।
প্রথমে শ্যামল রায় বাংলাদেশ রেলওয়ের একজন কর্মচারী জানা গেলেও ফেসবুক লাইভে তিনি নিজেকে একজন ক্ষুদ্র ব্যবসায়ী দাবি করছেন। শ্যামল গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাংগা এলাকার নেপাল রায়ের ছেলে। শ্যামল রায়ের ‘হ্যাভ আ রিল্যাক্স, সি ইউ, নট ফর মাইন্ড’ সোশ্যাল প্ল্যাটফরমে ভাইরাল হয়। দেশের নেটিজেনদের কাছে শ্যামল নামটি অপরিচিত নয়।
