নজর২৪, ঢাকা- রাজধানীর ফার্মগেটে বাসচাপায় এক তরুণ ক্রিকেটার নিহত হয়েছেন। মোটরসাইকেলে তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত ক্রিকেটারের নাম নিরব খান শহীদ। আর আহত যুবকের নাম নবীন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন বলেন, ‘এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন নামের একটি বাস ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে বাইকে থাকা দুজনকে চাপা দেয়। তাদের আমরা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। তার আহত সঙ্গী নবীনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি জানান, নিরবের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।নিরবের ভাই থানায় আছেন। মামলার প্রক্রিয়া চলছে।
নিহতের ছোট ভাই সাগর খান সমকালকে জানান, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন নিরব। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তিনি নানারকম টুর্নামেন্টে খেলতেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ওষুধ কেনাসহ কিছু ব্যক্তিগত প্রয়োজনে ফার্মগেট এলাকায় যাচ্ছিলেন। সেখান থেকে তার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু পথেই এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তারা ছুটে আসেন। কিন্তু ভাইকে আর জীবিত দেখতে পাননি। ওই ঘটনায় আহত নবীন তাদের পরিচিত বড় ভাই।
পারিবারিক সূত্র জানায়, নিরবের স্ত্রীর নাম মৌ খান। আদিব নামে এই দম্পতির তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে।
