Home আন্তর্জাতিক ৪৮ ঘণ্টা না পেরুতেই আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

৪৮ ঘণ্টা না পেরুতেই আফগানিস্তানে আইএসের ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

0
174

আন্তর্জাতিক ডেস্ক- কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলার ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগাহারে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

 

হামলায় একজন আইএস সদস্যের নিহত হয়েছেন, যিনি আইএসের আফগানিস্তান শাখার একজন পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) ছিলেন বলে জানা গেছে।

 

বিবিসি ও সিএনএনকে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তারা।

 

শুক্রবার যুক্তরাষ্ট্র সেনা বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী আজ আইএস-কে (খোরাসান) ঘাঁটিতে হামলা করেছে। আফগানিস্তানের নানগাহার প্রদেশে এই হামলা চালানো হয়েছে।’

 

হামলায় কোনো বেসামরিক নাগরিকের প্রাণহানির খবর মেলেনি বলে জানিয়েছেন নৌবাহিনীর ক্যাপ্টেন উইলিয়াম আরবান।

 

যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমতি নিয়ে আইএসবিরোধী বিমান হামলার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

 

আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধার প্রচেষ্টা চলার মধ্যেই কাবুল বিমানবন্দরে আইএস দ্বিতীয় হামলা চালাতে পারে বলে আভাস দিয়েছে হোয়াইট হাউজ। বাইডেনের ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের মধ্যে সেনাসহ সব নাগরিককে দেশে ফিরিয়ে নেয়ার কথা যুক্তরাষ্ট্রের।

 

‌এদিকে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। এদের মধ্যে ১১ সেনাসহ ১৩ আমেরিকান রয়েছে।

 

প্রাথমিক তথ্য বিশ্লেষণের পর নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা শুক্রবার জানান, সুইসাইড ভেস্ট পরিহিত ব্যক্তি বিমানবন্দরে হামলা চালিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। প্রায় ২৫ পাউন্ড বিস্ফোরক ছিল তার দেহে।

 

সাধারণত একেকটি সুইসাইড ভেস্ট পাঁচ থেকে ১০ পাউন্ড পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম।

 

হোয়াইট হাউজ স্থানীয় সময় শুক্রবার সকালে জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার মানুষকে বিমানে করে কাবুল থেকে বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক জোটের সামরিক বিমানে করে কাবুল ছাড়েন এসব মানুষ।

 

এর আগে কাবুলে হামলার পরপরই আইএসের খোরাসান শাখা আইএস-কে হামলার দায় স্বীকার করে। যুক্তরাষ্ট্র জানায়, আবারও হামলার ইঙ্গিত পাওয়ার পর আইএস কে টার্গেট করে এ হামলা চালায় তারা।

 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুক্রবার কাবুলের বিমানবন্দরে হামলাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বৃহস্পতিবারের হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here