Home আলোচিত ‘পরীমণি অসুস্থ হয়ে পড়েছেন, যেকোন শর্তে জামিন দেওয়া হোক’

‘পরীমণি অসুস্থ হয়ে পড়েছেন, যেকোন শর্তে জামিন দেওয়া হোক’

0
63

নজর২৪ ডেস্ক- নায়িকা পরীমনি নির্দোষ এবং ষড়যন্ত্রের শিকার দাবি করে তাকে জামিন দেওয়া আবশ্যক বলে জানিয়েছেন তার আইনজীবী মো. মজিবুর রহমান। পরীমনির জামিন আবেদনে তিনি এ কথা উল্লেখ করেছেন।

 

সোমবার (১৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করিম চৌধুরির আদালতে পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী মো. মজিবুর রহমান। আদালত জামিন শুনানির জন্য বুধবার (১৮ আগস্ট) দিন ধার্য করেন।

 

পরীমনির জামিন আবেদনে বলা হয়, আসামি একজন নারী। ফলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪৭(১) (গ) মোতাবেক জামিন পেতে পারেন। জামিন পেলে অত্র আসামি জামিনের শর্ত ভঙ্গ করবেন না এবং আদালতের নির্দেশ মতে জামিনদার প্রদান করবেন। আসামি দীর্ঘ ছয় দিন রিমান্ডে থাকাসহ প্রায় ২৬ ঘণ্টা পুলিশ হেফাজতে থাকলেও মামলা সংক্রান্ত জিজ্ঞাসাবাদে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি।

 

আসামি ‘ভারটিগো’ (vertigo) এবং ‘প্যানিক অ্যাটাক’ এর রােগী দীর্ঘসময় পুলিশ কাস্টডিতে থেকে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপর্যস্ত ও অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসার স্বার্থে দরখাস্তকারী আসামিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক। আসামির দখল ও নিয়ন্ত্রণ থেকে মদ ও মাদক উদ্ধার হয়নি। আসামি নির্দোষ, ষড়যন্ত্রের শিকার বিধায় আসামিকে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক।

 

আবেদনে আরও উল্লেখ করা হয়, এজাহার মোতাবেক ঘটনার অভিযান পরিচালনাকারী র‌্যাব টিম ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স ১৯৭৯’ এর ৬ এবং ৬-এর এ ধারা লঙ্ঘন করে অভিযান পরিচালনা করে। যার ফলে একটি ভিত্তিহীন মামলা দায়ের করার কারণে আসামি জামিন পাওয়ার হকদার।

 

আসামি পরীমনি একজন প্রথম সারির চিত্রনায়িকা। ‘ফোর্বস ম্যাগাজিন’ ডিজিটাল তারকা হিসেবে বিশ্বের ১০০ জনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত। আসামি জেলহাজতে আটক থাকলে চলচ্চিত্র অঙ্গনের অপূরণীয় ক্ষতি হবে।

 

তাছাড়া বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে শিল্পী হিসেবে চুক্তিসমূহের শর্ত লঙ্ঘিত হবে। সম্প্রতি ‘প্রীতিলতা’ নামক সরকারি সিনেমার জন্য ফটোশুট হয়েছে। ফলে আসামিকে যে কোনো শর্তে জামিনে মুক্তি দেওয়া আবশ্যক। অন্যথায় ন্যায়বিচার পরাভূত হবে।

 

মাদক মামলায় ১৩ আগস্ট পরীমণি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ওইদিন প্রিজনভ্যানে করে পরীমণিকে সন্ধ্যা ৭টায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এখন তিনি সেখানে আছেন।

 

কারাসূত্র জানায়, নায়িকা পরীমণিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত হননি তাই কোয়ারেন্টাইন সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারাধীন সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে।

 

১০ আগস্ট পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। এর আগে ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

 

তার আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাবের সদরদফতরে। সেখানেই রাত কাটাতে হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেদিনই তাদের আদালতে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here