নজর২৪, ঢাকা- মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে একনজর দেখতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেছেন উৎসুক জনতা।
শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পরীমনিকে কাশিমপুর কারাগারে আনার খবরে উৎসুক জনতা কারাফটকে এসে জড়ো হন। প্রিজনভ্যানের ভেতরে পরীমনিকে একনজর দেখার চেষ্টা করেন তারা।
তবে নায়িকাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে দ্রুতগতিতে পুলিশের কড়া প্রহরায় প্রধান কারাফটক দিয়ে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করে। শেষপর্যন্ত পরীমনির দেখা না পেয়ে ফিরে যায় উৎসুক জনতা।
কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার (ভারপ্রাপ্ত) আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়িকা পরীমনিকে কাশিমপুর মহিলা কারাগারে রাখা হবে।
কারা সূত্র জানায়, পরীমনিকে কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারের রজনীগন্ধা ভবনে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। যেহেতু তিনি এখনো ডিভিশন পাননি তাই তাকে কোয়ারেন্টাইন শেষে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হবে।
এর আগে বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল পরীমনির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর বিকেল ৪টা ১২ মিনিটে তাকে নিয়ে পুলিশের প্রিজন ভ্যান কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
