নাগরপুরে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ৬ মাস যাবৎ ভাতা পান না

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মৃত এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ভাতা পাচ্ছেন না। গত ৬ মাস ধরে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী বার বার ব্যাংক থেকে হতাশা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন।

 

গত সোমবার সকালে সোনালী ব্যাংক নাগরপুর শাখা থেকে ফিরে যাওয়ার পথে কথা হয় বীর মুক্তিযোদ্ধা মৃত আতোয়ার রহমানের স্ত্রী বৃদ্ধা হাওয়া আক্তারের সাথে।

 

হাওয়া আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আতোয়ার রহমানের (গেজেট নং-৩৫৬৬) স্ত্রী।

 

ছেলের অভাব অনটনের সংসারে এক সঙ্গেই থাকেন। গত ছয় মাস ধরে ভাতার টাকা না পেয়ে বেশ বিপাকে পড়েছেন। টাকার জন্য প্রায়ই ব্যাংকে এসে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। সোনালী ব্যাংক নাগরপুর শাখায় মুক্তিযোদ্ধার স্ত্রী হাওয়া আক্তারের হিসাব নম্বর থেকে জানা যায়, ওই ব্যাংক হিসাব থেকে তিনি সর্বশেষ গত জানুয়ারি মাসে ভাতার টাকা উত্তোলন করেন।

 

এরপর আর কোনো টাকা উত্তোলন করতে পারেননি। ছয়মাস পেরিয়ে গেলেও এর কোনো সমাধানও পাচ্ছেন না তিনি। এদিকে ভাতার টাকা না পেয়ে মানবেতর জীবনযাপন করছে মুক্তিযোদ্ধার পরিবারটি। হাওয়া আক্তার বলেন, দুই ঈদ চলে গেলও, নিজেও কিছু কিনি নাই, ছেলে মেয়ে ও নাতি-নাতনিদেরও কিছু কিনে দিতে পারি নাই।

 

ব্যাংকে আসলে স্যারেরা শুধু বলেন টাকা আসে নাই। তারা আমাকে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করতে বলেন। সেখানে গেলে আজ না কাল আসেন বলে আজ প্রায় ৬ মাস যাবৎ আমাকে ঘুরাচ্ছেন। কেন কী কারণে ঘুরাচ্ছেন, তাও জানিনা। তাই নিরুপায় হয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি।

 

নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন জানান, শুধু আতোয়ার রহমান নয় এর মত আরো প্রায় ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে কথা বলেছি।

 

এ বিষয়ে নব্য যোগদানকৃত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.ইকবাল হোসেন বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সাহেব আমাকে মৌখিকভাবে ৩০-৩৫ জন বীর মুক্তিযোদ্ধার ভাতার সমস্যার কথা জানিয়েছেন। লকডাউনের পর অফিস খুললেই বিষয়গুলো ক্ষতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহন করবো।

 

নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এ বিষয়ে আমার সংবাদকে বলেন, বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে জটিলতার বিষয়টি আমার নজরে এসেছে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সকল মুক্তিযোদ্ধাদের ভাতা জটিলতা নিরসন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *