জয়যাত্রা টিভির সঙ্গে মন্ত্রীর সম্পর্ক খতিয়ে দেখছে গোয়েন্দারা

নজর২৪ ডেস্ক- আওয়ামী লীগের উপকমিটি থেকে বহিষ্কৃত ও গ্রেফতার হেলেনা জাহাঙ্গীরের পরিচালিত জয়যাত্রা টেলিভিশনের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সম্পর্ক প্রতারণার অংশ কিনা খতিয়ে দেখছে র‌্যাব।

 

হেলেনা জাহাঙ্গীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নাম ভাঙিয়ে স্বার্থ হাসিল করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

জয়যাত্রা টিভির সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সম্পর্ক আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার আল মঈন বলেন, ‘জয়যাত্রা টেলিভিশন আইপি টিভির নামে স্যাটেলাইট টিভি পরিচালনা করে আসছিল। স্যাটেলাইট টিভি সম্প্রচারের সমস্ত কিছু সেখানে ছিল। হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা টেলিভিশনে বিভিন্ন সময় বিভিন্ন জনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিয়ে আসতেন।’

 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, ‘সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের হাজির করার চেষ্টা করতেন হেলেনা। আমরা দেখেছি সে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ছবি ব্যবহার করত, যেগুলো নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণার জন্য। আপনারা যেটা বলেছেন, সেটা এ ধরনের প্রতারণার অংশ কি না সেটি গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে।’

 

ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টিভি জয়যাত্রা কার্যক্রম শুরু করে ২০১৮ সালে। টিভিতে কর্মরতদের বেতন দেয়ার বদলে উল্টো তাদের কাছ থেকেই চাঁদা নিতেন তিনি। এর বিনিময়ে জয়যাত্রা আইপিটিভির আইডি কার্ড ব্যবহার করতে পারত চাঁদাদাতারা।

 

মঙ্গলবার র‍্যাব জানিয়েছে আইপিটিভির নামে স্যাটেলাইটে সম্প্রচার চালাচ্ছিল জয়যাত্রা টিভি। ২০১৮ সাল থেকে হংকংয়ের একটি ডাউনলিংক চ্যানেল হিসেবে সম্প্রচার হয়ে আসছিল। যার ফ্রিকোয়েন্সি হংকং থেকে বরাদ্দ করা হয়। এর জন্য হংকংকে মাসে ৬ লাখ টাকা পরিশোধ করত জয়যাত্রা।

 

জয়যাত্রা টিভির জিএম (এডমিন) হাজেরা খাতুন ও প্রতিনিধি সমন্বয়ক সানাউল্ল্যাহ নূরীকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানতে পেরেছে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *