Home ফিচার ফুটবলারের স্ত্রী শামসুন্নাহার থেকে আজকের পরীমনি: উত্থান ও পতনের গল্প

ফুটবলারের স্ত্রী শামসুন্নাহার থেকে আজকের পরীমনি: উত্থান ও পতনের গল্প

0
432

নজর২৪ ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির ঝলমলে ক্যারিয়ারে সম্প্রতি দাগ লেগেছে। গত জুন মাসে উত্তরা বোট ক্লাবে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তিনিই হয়েছেন বিতর্কিত। সেই ঘটনার রেশ কাটিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিলেন পরী।

 

তবে বুধবার (৪ আগস্ট) বিকেলে তাকে আটক করেছে র‍্যাব। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্য জব্দ করা হয়।

 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ‘পরীমনিকে আজ (বুধবার) রাতে জিজ্ঞাসাবাদ শেষে কাল সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।’

 

জানা যায়, ২০১১ সালে বিনোদন জগতে কাজের স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন সাতক্ষীরার তরুণী শামসুন্নাহার স্মৃতি। এরপর ধারণ করেন পরীমণি নাম। মডেলিং দিয়ে শুরু হয়েছিল তার পথচলা। এরপর বেশকিছু টিভি অনুষ্ঠান ও নাটকে কাজ করেন। তবে একের পর এক সিনেমায় যুক্ত হয়ে ঝড়ের মতো মুহূর্তেই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন।

 

বিদ্যুতের মতো যে পথচলা শুরু করেছিলেন পরীমণি, সেটা যেন ২০২১-এ এসে ধ্বংসের মুখে পড়ে গেল। যেমন রাতারাতি তার উত্থান হয়েছিল, তেমন রাতারাতিই যেন পতনের খাতায় নাম লেখালেন ঢালিউডের এই গ্ল্যামারগার্ল।

 

চলুন জেনে নেয়া যাক শামসুন্নাহার স্মৃতি থেকে আজকের পরীমনি হয়ে উঠার গল্প:

 

শামসুন্নাহার স্মৃতির অর্থাৎ পরীমনির জন্ম নড়াইলে। মাত্র আড়াই বছর বয়সেই মা সালমা সুলতানাকে হারান তিনি। একটু বড় হয়ে হারান বাবাকেও। পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ (অনার্স)-এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন।

 

ওই সময়ই আস্তে ধীরে তিনি বিনোদন জগতে পা রাখেন। শুরুতে নাটক ও মডেলিং নিয়ে ব্যস্ত ছিলেন। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি ‘সেকেন্ড ইনিংস’, ‘এক্সক্লুসিভ’, ‘এক্সট্রা ব্যাচেলর’, ‘নারী ও নবনীতা তোমার জন্য’ এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন।

 

 

এরপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। সাধারণত কোনো নবাগত অভিনেতা বা অভিনেত্রীর কোনো চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর বা ওই চলচ্চিত্র হিট হওয়ার পরই সাধারণ মানুষ ওই অভিনেতাকে চেনেন বা তার সম্পর্কে জানেন। এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন পরীমনি।

 

২০১৩ সালের শেষের দিকে প্রথম ছবির শুটিং করেন তিনি। ওই ছবি মুক্তি পাওয়ার আগেই তিনি অভিনয় করে ফেলেন এক ডজনেরও বেশি ছবিতে। এ ছাড়া চুক্তিবদ্ধ হন দেড় ডজন ছবিতে।

 

কে এই পরীমনি? রীতিমতো হৈচৈ পড়ে যায় চারদিকে। কিন্তু অতি অল্প সময়ে এত বেশি সংখ্যক ছবিতে অভিনয় করলেও আলোর মুখ দেখছিল না তার অভিনীত কোনো ছবি-ই। অবশেষে ২০১৫ সালের ২৭শে ফেব্রুয়ারি ঢাকাসহ সারা দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরীমনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’।

 

রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে বেশি আলোচনায় আসেন পরীমনি। সাভারের রানা প্লাজা ধস এবং ১৭ দিন ধরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া পোশাক শ্রমিক রেশমাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বাণিজ্যিক প্রেমের সিনেমা ছিল ‘রানা প্লাজা’। এতে রেশমা’র ভূমিকায় অভিনয় করেন পরীমনি। কিন্তু বেশকিছু দৃশ্য, রানা প্লাজা ধসের চিত্রায়ন প্রভৃতি নিয়ে সেন্সর বোর্ড আপত্তি জানালে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। শেষ পর্যন্ত যে ছবির কারণে পরীমনি আলোচনায় আসেন, সেটি আর আলোর মুখ দেখেনি।

 

শুধু কাজ দিয়ে নয়, ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিগত কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। অনেক পুরুষের সঙ্গেই পরীমনির বিয়ের কথা প্রকাশ্যে এসেছে।

 

 

২০১৬ সালে প্রকাশ্যে আসে পরীমনির স্বামী ভোলার ইসমাইল। তাদের দুটি একান্ত ছবিও প্রকাশ্যে আসে। কিন্তু পরীমনি পুরো বিষয়টাকে অস্বীকার করে। এই ঘটনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময় শাকিল রিয়াজ নামের একজন ফেসবুকার পরীমনির আর এক স্বামীর কথা প্রকাশ্যে আনেন।

 

তিনি জানান, পরীমনির স্বামী সৌরভ কবীর। সৌরভ কবীরের সঙ্গে ৩ বছর প্রেম করার পরে তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন ২০১২ সালের ২৮ এপ্রিল। পরে সেটা দুই পরিবার থেকেই মেনে নেয়। সৌরভ কবীরের বাসা যশোরের কেশবপুরে। তিনি পেশায় একজন প্রফেশনাল ফুটবলার।

 

 

জানা যায়, সৌরভ কবীরের পরিবারের সম্মতিতেই মিডিয়া জগতে প্রবেশ করেন পরীমনি। তারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এ সম্পর্কের কথা আড়াল করে রেখেছেন। এরপরে তাদের বিয়ের কাবিননামাও প্রকাশ করা হয়।

 

এরপরেও বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠা এবং সেগুলো ভেঙে যাওয়ার খবর বের হয়। সাংবাদিক তামিম হাসানের সঙ্গেও পরীমনির প্রেম ও বাগদানের খবর প্রকাশিত হয়েছিল। যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়।

 

 

গেল বছর ৯ই মার্চ অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন পরীমনি ও পরিচালক-থিয়েটারকর্মী কামরুজ্জামান রনি। নিজের বিয়ের খবর জানান দিয়ে পরীমনি লিখেছিলেন, জানেন, আমরা তিন টাকায় বিয়ে করেছি! কিউট না?

 

কিন্তু কিছুদিন বাদেই সে বিয়ে ভেঙে যাবার খবর বের হলে পরীমনি নিশ্চুপ হয়ে যান। গণমাধ্যমে বিয়ের প্রসঙ্গ এলে স্বামীর বিষয় যেন না টানা হয় তা বলে দেন। জানিয়ে দেন, বিয়ে নিয়ে তিনি কোনো কথা বলতে চান না।

 

 

পরীমনিকে নিয়ে আলোচনায় যেন কখনই ভাঁটা পড়েনি। সবসময়ই শিরোনামে ছিলেন এই নায়িকা।

 

বেশ কয়েক বছর ধরে নিয়মিতভাবে ঈদুল আজহায় সহকারী শিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিয়েও সংবাদ শিরোনাম পরীমনি। এছাড়াও সাড়ে তিন কোটি টাকার গাড়ি কিনে আলোচনায় আসেন পরীমনি। করোনাকালে পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন উদযাপন করে আলোচনার জন্ম দেন তিনি।

 

পরীমনি অভিনীত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল ‘মন জুড়ে তুই’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’, ‘মহুয়া সুন্দরী’। ২০১৬ সালে মুক্তি পায় ‘মন জানে না মনের ঠিকানা’, ‘পুড়ে যায় মন’, ওয়াজেদ আলী সুমনের অ্যাকশনধর্মী ‘রক্ত’, এবং শফিক হাসানের ‘ধূমকেতু’।

 

২০১৭ সালে মুক্তি পায় ‘কত স্বপ্ন কত আশা’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, এবং মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’। তারপর মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্ন জাল’ ও চয়নিকা চৌধুরীর ‘বিশ্ব সুন্দরী’সহ বেশ কিছু সিনেমা। তাছাড়া জনপ্রিয় হবার পর পরীমনি বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছে লাক্স, স্যান্ডেলিনা, ওয়াল্টন, প্রান আপ, প্রান চাটনিসহ ইত্যাদি পণ্যের প্রমোশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here