Home প্রধান খবর পরীমনির বিরুদ্ধে মামলা করতে তৈরি নাসির ইউ মাহমুদ

পরীমনির বিরুদ্ধে মামলা করতে তৈরি নাসির ইউ মাহমুদ

0
138

নজর২৪ ডেস্ক- রাজধানীর বনানীর বাসা থেকে বিপুল পরিমাণ মদ, ইয়াবা, আইস, এলএসডিসহ আটক নায়িকা পরীমনির বিরুদ্ধে শিগগিরই মামলা করবেন বলে জানিয়েছেন ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য নাসির উদ্দিন মাহমুদ।

 

পরীমনির বাসায় র‍্যাবের অভিযানের মধ্যে বুধবার বিকেলে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

 

পরীমনি গত ৯ জুন রাতে ঢাকা বোট ক্লাবে যাওয়ার পর ধর্ষণচেষ্টা ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলে সারা দেশে তোলপাড় ফেলেন।

 

এরপর ১৪ জুন তিনি সাভার থানায় নাসির উদ্দিন ও অমির বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা করেন। মামলার পরপরই পুলিশের হাতে গ্রেপ্তার হন নাসির।

 

১ জুলাই জামিনে কারাগার থেকে মুক্তি পান নাসির উদ্দিন মাহমুদ। শুরু থেকেই তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করছেন।

 

পরীমনির বাসায় বুধবার র‌্যাবের অভিযানের সময় নাসির বলেন, ‘আমার সম্পর্কে সে (পরীমনি) মিথ্যার আশ্রয় নিয়েছিল, যা সত্য নয় তা বলেছিল। ভিডিও ফুটেজ এবং তার কথাবার্তা সবকিছুতেই অসংগতি ছিল। বাস্তবে এর কোনো মিল ছিল না।

 

‘এই মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে জনসমক্ষে সে হেয় করেছে। আমি অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেব, মামলা করব।’

 

তিনি বলেন, ‘আমার মানহানি হয়েছে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়িয়েছে, ফেসবুকে মিথ্যাচার করেছে, বোট ক্লাবে ড্রিংক নিয়ে জোরাজুরি করেছে। আমি মামলা তো করবই। তাকে তো ছাড় দেয়া যায় না। আমি আমার মতো করে লিখে রেখেছি, যেকোনো সময় বিমানবন্দর থানায় পরীমনির বিরুদ্ধে মামলা করব।’

 

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটে পরীমনিকে তার বাসা থেকে বের করে একটি সাদা মাইক্রোবাসে র‌্যাব সদরদফতরের দিকে নিয়ে যাওয়া হয়। ৮টা ৪৫ মিনিটে ওই গাড়ি কুর্মিটোলায় র‌্যাব সদরদফতরে পৌঁছায়।

 

বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রাতে র‌্যাব সদরদফতরেই থাকবেন পরীমনি। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আগামীকাল আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here