নজর২৪ ডেস্ক- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ঝালমুড়ি বিক্রেতাকে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই ঘটনা ঘটে।
ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম উত্তেজিত হয়ে যান। পূর্বের পাওনা টাকার প্রসঙ্গ কেন তোলা হচ্ছে এই কথা বলে তিনি ঝালমুড়ি বিক্রেতাকে সাজোরে থাপ্পড় ও ঘুষি মারেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেকে এক শিক্ষার্থী বলেন, রবিউল ইসলাম রবি নামের ওই ছাত্রলীগ নেতা জনতা ব্যাংক টিএসসি শাখার সামনে একজন ঝালমুড়ি বিক্রেতার জামার কলার ধরে মারতে উদ্যত হন। তিনিসহ ঘটনাস্থলে উপস্থিত আশপাশের বেশ কয়েকজন ওই ছাত্রলীগ নেতাকে থামাতে যান। কিন্তু অভিযুক্ত নিজেকে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে বলেন, এটা অন্যদের দেখার বিষয় না।
ওই ঝালমুড়ি বিক্রেতা জানান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি পূর্বে বিভিন্ন সময় তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা দেননি। বকেয়া টাকা চাওয়ায় ছাত্রলীগ নেতা তাকে মারধর করেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম গণমাধ্যমের কাছে দাবি করেন, ওই ঝালমুড়ি বিক্রেতা তাঁর কাছে কোনো টাকা পান না৷ তিনি বলেন, ‘আমি ও আমার এক ছোট ভাই ওই ঝালমুড়ি বিক্রেতার কাছে ঝালমুড়ি চাই। কিন্তু তিনি আমাদের ঝালমুড়ি না দিয়ে বারবার অন্যদের ঝালমুড়ি দিচ্ছিলেন। আমি তাঁর কাছে জানতে চাইলাম, কেন তিনি আমাদের ঝালমুড়ি দিচ্ছেন না। এর মধ্যে দুজন ভদ্রলোক এসে বললেন যে কী হয়েছে? তখন ঝালমুড়ি বিক্রেতা চোখ রাঙিয়ে তাঁর সুর পাল্টে ফেলেন এবং বলতে থাকেন যে তিনি আমার কাছে টাকা পান। সত্যি বলতে তিনি আমার কাছে কোনো টাকাই পান না।
তবু লজ্জায় পড়ে গিয়ে আমি তাঁকে ৫০ টাকা দিই। ঘটনা সেখানেই শেষ। কিন্তু একটু পরে পাশে গিয়ে তিনি বলাবলি করতে থাকেন যে আমি এর আগে তাঁর কাছে ঝালমুড়ি খেয়ে টাকা দিইনি। পরে আমি তাঁকে একটা ধাক্কা দিই।’
এই ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস সাদ্দাম হোসেন বলেন, ‘যা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত ও গর্হিত ঘটনা। বিষয়টি খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব।’
