মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাস রোধে সরকার ঘোষিত লকডাউন উপেক্ষা করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিয়ের আয়োজন করায় বিয়ের অনুষ্ঠান পন্ড ও বরের পরিবারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
সূত্র মতে, উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের আবদুল মান্নানকে সরকারি আদেশ অমান্য করে তার ছেলের বিয়ের অনুষ্ঠান করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে উপজেলার বাঁশতৈল ও হাটুভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ১০ দোকানি ও পথচারীকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এতে মোট ২২ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন জানান, করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এদিকে সরকারি কঠোর বিধি-নিষেধের তোয়াক্কা না করে তারা বিয়ের আয়োজন করেন। গোপন সংবাদ পেয়ে আমরা বিয়ের অনুষ্ঠান বন্ধ করি। সেই সঙ্গে ওই এলাকার লোকজনকে সতর্ক করি, ভবিষ্যতে যেন আর সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিয়ে জন্মদিনসহ অন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করা না হয়।
