বিএনপি-জোট ছাড়ার ৪ দিনের মাথায় মুক্তি পেলেন জমিয়তের ৩ নেতা

নজর২৪ ডেস্ক- ১৪ জুলাই বিএনপি-জোট ছেড়ে আসার ঘোষণা দেওয়ার চার দিনের মাথায় জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) তিন জন কেন্দ্রীয় নেতা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। ঈদুল আজহার পর মুক্তির এই তালিকা ধীরে-ধীরে আরও বাড়বে। জমিয়তের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

 

জমিয়তের একাধিক শীর্ষনেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার (১৮ জুলাই) জমিয়তের কেন্দ্রীয়সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা সভাপতি খালিদ সাইফুল্লাহ সাদী, যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ উল্লাহ জামি, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল মামুন জামিনে মুক্তি পেয়েছেন। তারা প্রত্যেকেই গত এপ্রিলের বিভিন্ন দিনে গ্রেফতার হয়েছিলেন হেফাজতকেন্দ্রীক মামলায়।

 

মঙ্গলবার (২০ জুলাই) রাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী বলেন, আমরা আগে থেকে বুঝতে পেরেছি, ঈদের আগে-পরে নেতারা মুক্তি পাবেন। জোট ছাড়ার পর নেতাদের মুক্তি হয়েছে- এটা একটা কারণ হতেই পারে। আশা করি বাকিরাও মুক্তি পেয়ে যাবেন।

 

মাওলানা ইউসূফী বলেন, ‘ঈদের পরপরই দল গোছানোর প্রক্রিয়া শুরু হবে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে দলকে গুছিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিও আমরা শুরু করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *