নজর২৪, টাঙ্গাইল- মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ঘরমুখো মানুষের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে মহাসড়কের ঘারিন্দা, রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলি ও এলেঙ্গা এলাকায় এমন চিত্র দেখা যায়। মাঝে মাঝে ঢাকামুখী লেনে গাড়ি চললেও উত্তরবঙ্গমুখী গাড়ি আটকে রয়েছে। গণপরিবহণ চললেও অনেকেই ঝুঁকি নিয়ে ট্রাকের উপরে যাতায়াত করছে। এ ছাড়াও ঘরমুখো মানুষদের তেমন স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
ঢাকা থেকে টাঙ্গাইলে আসা তানভীর আহমেদ জানান, ঢাকা থেকে গতকাল সোমবার (১৯ জুলাই) বিকেলে বাসে উঠেছিলাম টাঙ্গাইল যাওয়ার জন্য। ঢাকার আব্দুল্লাহপুর পার হতেই যানজটের কবলে পড়ি। রাত ১০টায় আব্দুল্লাহপুর থেকে আশুলিয়া বেড়িবাঁধ পর্যন্ত এসে আবারও আটকে যায় গাড়ি। রাতটা সড়কেই কেটেছে। সকালে টাঙ্গাইল এসে পৌঁছেছি।
চালক ও যাত্রীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গতকাল থেকেই আব্দুল্লাহপুর থেকে কালিয়াকৈর পর্যন্ত যানজট লেগেই ছিল। তবে মহাসড়কের টাঙ্গাইল অংশে কোনো যানজট ছিল না। এতে চরম বিপাকে পড়তে হয়েছে। বিশেষ করে বয়স্ক, নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কয়েকটি দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাড়ি সরাতে সময় লাগার কারণে সড়কে পরিবহনের চাপ বেড়ে গেছে। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ ছাড়া মহাসড়কে প্রচুর পরিমাণে পরিবহন চলাচল করায় চাপ বেড়ে গেছে। মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।
