নিজেদের করুণ পরিস্থিতির কথা বলে অগ্রিম টাকা দিয়ে কেনা টিকা সরবরাহ না করলেও বাংলাদেশের বর্তমান উন্নত টিকা কর্মসূচিতে খুশি ভারত। এমন কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এক বৈঠকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে এ কথা জানান তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ড. আব্দুল মোমেনকে এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের জন্য তাসখন্দে গেছেন উভয় মন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে উভয় পররাষ্ট্রমন্ত্রী করোনা পরিস্থিতির উন্নতি হলে বিভিন্ন কাঠামোগত সহযোগিতা পুনরায় শুরু করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া কোভিড-১৯ ও টিকা, রোহিঙ্গা এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক কানেক্টিভিটির পাশাপাশি অন্যান্য সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করেন ড. মোমেন ও জয়শংকর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে করোনার টিকা পরিস্থিতির উন্নতির কারণে সন্তোষ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
