Home ফিচার ‘কঠোর’ লকডাউন শেষ, শিথিল শুরু

‘কঠোর’ লকডাউন শেষ, শিথিল শুরু

0
89

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধ শেষে বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে। আসনের অর্ধেক যাত্রী পরিবহনের শর্তে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। স্বাস্থ্যবিধি মানার শর্তে খোলা থাকবে শপিংমল, মার্কেট।

 

জাতীয় পরামর্শক কমিটির পাশাপাশি বিশেষজ্ঞরা বিধিনিষেধ আরও কঠোর করার পরামর্শ দিলেও ‘ঈদ উদযাপন ও দরিদ্র মানুষের রোজগারের স্বার্থে’ তা শিথিল করেছে সরকার। তবে ২৩ জুলাই ভোর থেকে ফের ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হবে।

 

বুধবার কঠোর লকডাউনের শেষ দিনে বিধিনিষেধ শুধু কাগজেই ছিল। ঢাকাসহ দেশের প্রায় সর্বত্রই যানবাহন ও জনচলাচল ছিল স্বাভাবিক ও নির্বিঘ্ন। গণপরিবহন বাদে সব ধরনের গাড়ি চলেছে। রাজধানীর বিভিন্ন সড়কের ট্রাফিক পয়েন্টগুলোতে যানজটও ছিল আগের কয়েক দিনের মতো। রাজধানীর বাইরে মহাসড়কেও ছিল যানজট। মহানগর ও জেলা শহরগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক সময়ের মতোই দেখা গেছে। ফেরিঘাটে ছিল নদী পারাপারের ভিড়।

 

শেষ দিনে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখাইরুল ইসলাম সমকালকে জানিয়েছেন, ১৪ দিনের লকডাউনে রাজধানীতে গ্রেপ্তার হয়েছে ৯ হাজার দু’জন।

 

ডিএমপি সূত্র জানায়, বুধবার ভ্রাম্যমাণ আদালত ১০৫ জনকে জরিমানা করেছেন। এ ছাড়া ট্রাফিক বিভাগ ৭৪৪টি বিধিনিষেধ ভঙ্গের ঘটনায় ব্যবস্থা নিয়েছে। ১৪ দিনে ভ্রাম্যমাণ আদালত দুই হাজার ৯৯৯ জনের কাছ থেকে দুই দুই কোটি ২০ লাখ টাকার বেশি জরিমানা আদায় করেছেন।

 

উল্লেখ্য, আগামী ২১ জুলাই বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

 

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দেয়াসহ কঠোর স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

 

১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে গত মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাতে জরুরি সেবা বাদে শিল্পকারখানাসহ সরকারি-বেসরকারি সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here