নজর২৪ ডেস্ক- নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লুকিয়া গ্রাম থেকে আল্লামা মাহমুদুল হাসান গুনবীর নামে এক মুফতিকে আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকদারীরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ওই মুফতির পরিবারের সদস্যরা। গত চারদিনে থানাসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে খোঁজ করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (৯ জুলাই) দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন নিখোঁজ মুফতি মাহমুদুল হাসান গুনবীরের স্ত্রী শারাবান তাহুরা নাজমিন।
নিখোঁজ মুফতি মাহমুদুল হাসান গুনবীর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী গ্রামের মৃত আবদুল কাদেরের পুত্র।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুফতী মাহমুদুল হাসান গুনবীর স্বজনরা জানান, গত মঙ্গলবার সকালে তিনি নোয়াখালী সদরের করমুল্যা ইউনিয়নের পশ্চিম শুল্লাকিয়া গ্রামে ওস্তাদ ক্বারী ইউছুফের সাথে দেখা করতে আসেন। এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে কয়েকজন তাঁকে তুলে নিয়ে যায়। এর পর থেকে থানাসহ আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়েও কোন সন্ধান পাচ্ছেনা স্বজনরা।
থানায় সাধারণ ডায়রী করতে গেলেও পুলিশ তা গ্রহন করে নেয়নি বলে অভিযোগ স্বজনদের।
মুফতী মাহমুদুল হাসানের স্ত্রী ও তিন সন্তান রয়েছে। মুফতী মাহমুদুল হাসানকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।
