কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা; গ্রেপ্তার হয়নি তিন বখাটে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক কলেজ ছাত্রীকে শ্লীলতাহানীসহ মারধরের অভিযোগ উঠেছে ৩ বখাটের বিরুদ্ধে।

 

গত শনিবার (০৩জুলাই) সন্ধ্যায় উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরই ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

 

মেয়ের বাবা ও অভিযোগ সুত্রে জানা যায়, একই ইউনিয়নের উত্তর নাজিরপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মিয়া (২৭), একই গ্রামের মৃত সোরবাহ উদ্দিনের ২ ছেলে অন্তর হোসেন (২৩) ও শাহীন মিয়া (৩৪) দেড় বছর যাবৎ কলেজ-প্রাইভেটে যাওয়া সময় বিভিন্নভাবে কুপ্রস্তাব দিত।

 

পরে ওই বখাটেদের পরিবারের কাছে বিষয়টি জানানো হলে তারা আর এরকম করবে না বলে আশ্বাস দেন। কিন্তু গেলো শনিবার বেলা সাড়ে ৬টার দিকে আমার ছেলে ও মেয়ে দুজনে বাড়ির সামনে দিয়ে হাটাহাটি করার সময় উক্ত বখাটেরা ওইস্থানে এসে আমার মেয়েকে আবারও কুপ্রস্তাব দেয়।

 

প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক অটো রিক্সায় উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে মারধরের পর প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন ওই বখাটেরা। বিষয়টি পরিবারে জানানো হলে ওইদিন রাতেই ওই শিক্ষার্থীর মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর সোমবার (৫জুলাই) মামলা রুজু হয়।

 

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. রিজাউল হক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *