এবার ‘অজুহাত’ শুনছে না পুলিশ, প্রথমদিনেই ঢাকায় ৪৯৭ জন আটক

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা বিধিনিষেধ বাস্তবায়নে রাজধানীসহ সারাদেশে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবুও অকারণে বা খোঁড়া অজুহাতে ঘরের বাইরে যাচ্ছে মানুষ।

 

বৃহস্পতিবার (১ জুলাই) বিধিনিষেধ অমান্য করে ঘর থেকে বের হয়ে সড়কে ঘোরাঘুরি করায় রাজধানীতে আটক করা হয়েছে ৪৯৭ জনকে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে ২৫৮ জনকে আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে আটজনকে। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (০১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম।

 

তিনি জানান, বিধিনিষেধ অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেয়া হয়েছে আট জনকে।

 

অতিরিক্ত উপকমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘ট্রাফিক বিভাগ, অপরাধ বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত মিলিয়ে এ সংখ্যক মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’

 

আটক বেশি তেজগাঁওয়ে

ডিএমপি জানিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক ৩১৬ জন আটক করা হয়েছে তেজগাঁও এলাকা থেকে। দ্বিতীয় সর্বোচ্চ মিরপুর এলাকায়। সেখানে আটক হয়েছে ১০৫ জনকে। রমনায় ৫৭, ওয়ারীতে ৪, গুলশানে ১৫ জনকে আটক হয়েছে। তবে লালবাগ, মতিঝিল ও উত্তরা এলাকা থেকে কাউকে আটক করা হয়নি।

 

গ্রেপ্তার বেশি গুলশানে

সবচেয়ে বেশি ১৩১ জনকে গ্রেপ্তার হয়েছে গুলশান এলাকা থেকে। রমনা থেকে ২ জন, লালবাগে ৩৮, মতিঝিলে ২, ওয়ারীতে ১৯, মিরপুরে ৩০, উত্তরাতে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেজগাঁও এলাকা থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

এ বিষয়ে গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘১৩১ জনকে ডিএমপির অর্ডিনেন্স অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *