নজর২৪, ঢাকা- সাত দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকে। সকাল থেকে রাজধানীর রাস্তাগুলো অন্য দিনের তুলনায় বেশ ফাঁকা। রাজধানীর প্রধান সড়কগুলোতে কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি।
ফার্মগেট, বাংলামোটর, মগবাজার, খিলগাঁও, মোহাম্মদপুর, পান্থপথসহ বিভিন্ন রাস্তায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। এসব রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল।
রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের। তবে সব ধরনের সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বন্ধ থাকায় সড়কে মানুষজনের চলাচল সীমিত রয়েছে।
তবে গাবতলী ব্রিজ হয়ে ঢাকায় প্রবেশের পথে চেকপোস্ট পার হতে গাড়িগুলোকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। গাবতলী থেকে সাভারের দিকে যেতে আমিনবাজারেও জটে পড়তে হয়েছে গাড়িগুলোকে।

এদিকে সাত দিনের লকডাউন বাস্তবায়নে রাজধানীতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। যথাযথ কারণ ছাড়া যারা রাস্তায় বের হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সরেজমিনে রাজধানীর শুক্রাবাদ, ধানমন্ডি-৩২, পান্থপথ ও কলাবাগান এলাকা ঘুরে দেখা যায় এসব এলাকার বিভিন্ন পয়েন্টে সকাল থেকেই দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা। স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জন ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন। জরুরি প্রয়োজনে যারা সড়কে বেরিয়েছেন তাদের মুখোমুখি হতে হচ্ছে পুলিশের জিজ্ঞাসাবাদের।
সড়কে যেসব গাড়ি চলাচল করছে সেগুলোর অধিকাংশই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, অ্যাম্বুলেন্স, জরুরি ও খাদ্য পণ্যবাহী ট্রাক, সরকারি কর্মকর্তাদের বহনকারী যানবাহন ও জরুরি সেবায় নিয়োজিত মোটরসাইকেল। তবে এ সময়ে অলিগলি ও সড়কে কিছু রিকশার চলাচল দেখা যায়।
সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন বেলা বাড়ার সঙ্গে পুলিশের তৎপরতা ও আরও বাড়বে।
ট্রাফিক পুলিশের ধানমন্ডি জোনের উপ-কমিশনার জাহিদুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। সড়কে ট্রাফিক পুলিশ এবং সংশ্লিষ্ট থানা পুলিশের সম্মিলিত টহল চলবে। কেউ যেন অপ্রয়োজনে বাইরে বের না হয় এবং ঘোরাফেরা না করে সেটি নিশ্চিত করতে আমাদের একাধিক টিম কাজ করে যাচ্ছে।
