নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার, যার বাস্তবায়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনী।
এদিকে কঠোর লকডাউন শুরুর আগে বুধবার রাতে রাজধানীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়কে গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের চাপে সন্ধ্যার পর থেকে বিমান বন্দর সড়ক, প্রগতি সরণি ও মিরপুর রোডের বিভিন্ন স্থানে এ যানজট তৈরি হয়েছে।
রাত পৌনে ৮টায় প্রগতি সরণি থেকে কুড়িল বিশ্বরোড় সড়কে ব্যক্তিগত গাড়ি ও রিকশার জট দেখা গেছে। এতে আটকা পড়েন মোটরসাইকেল চালকরাও। সঙ্গে সন্ধ্যায় হওয়া এক পশলা বৃষ্টি মানুষজনের ভোগান্তির মাত্রা বাড়িয়েছে।
রিকশায় নতুন বাজার থেকে বাড্ডা যাওয়ার জন্য সন্ধ্যা সাড়ে সাতটায় রওনা দিয়ে যানজটে আটকে পড়ে শেষ পর্যন্ত রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করেন তানভীরুল কবীর নামে অফিসফেরত এক ব্যক্তি।
তিনি জানান, এর আগে বিকেল তিনটায় বাড্ডা থেকে মালিবাগ হয়ে বাংলামোটর যেতেই দুই ঘণ্টা লেগেছে। বাংলামোটর থেকে বাড্ডায় ফিরতেও একই সময় লেগেছে। যানজটে আটকা পড়ে সময় নষ্ট হয়েছে মগবাজার ও মালিবাগ অংশে। মগবাজার ওয়্যারলেস এলাকায় যানজট তীব্র ছিল।
মগবাজার-মৌচাক অংশে উড়াল সেতু দিয়ে যান চলাচল করছে না। ফলে নিচের সড়কে যানবাহনের চাপ ছিল বলে জানিয়েছেন চালকরা।
