নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। এ মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।
সোমবার (২৮জুন), নাগরপুর সদর বাজার রোডের ফার্মেসিসমূহে “ঔষধ আইন,১৯৪০” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ফার্মেসিতে ফিজিশিয়ান’স স্যাম্পল, অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ পাওয়া যায়।
এসমস্ত অপরাধ তাৎক্ষণিক আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ৬ জন দোকানীকে ঔষধ আইন, ১৯৪০ এর ১৮ ধারা লংঘন এর অপরাধে ২৭ ধারা মোতাবেক ৬,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ জব্দ করে বিনষ্ট করা হয়।
এছাড়াও করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় একই স্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাস্ক না পড়ায় ১৪ জনকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নার্গীস আক্তার, সহকারী পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, টাঙ্গাইল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর থানার এ.এস.আই আবু তাহের সহ নাগরপুর থানা পুলিশ, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, ঔষধ প্রশাসন অধিদপ্তর টাঙ্গাইল এবং উপজেলা ভূমি অফিসের স্টাফবৃন্দ।
