নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে দেশজুড়ে শাটডাউনের সিদ্ধান্ত আরও তিন দিন পিছিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার শুরু হচ্ছে শাটডাউন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে শনিবার রাতে সরকারের উচ্চপর্যায়ের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার।
সভায় আলোচনার বিস্তারিত জানাতে রাজি হননি সুরথ কুমার। তবে তিনি বলেন, ‘মূলত জুন ফাইনালের জন্য ৩০ জুন পর্যন্ত লকডাউন সীমিত রাখা হয়েছে।
তিনি বলেন, সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে লকডাউন হবে। তখন আন্তঃজেলা পরিবহন বন্ধ থাকবে। জুন ক্লোজিংয়ের (আর্থিক বছরের সমাপ্তির হিসাব-নিকাশ) জন্য ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউন হবে। তখন সবকিছু বন্ধ থাকবে। আগামীকাল রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে বিস্তারিত বলা থাকবে।’
সরকার কঠোর লকডাউন বললেও এবারের বিধিনিষেধ পরিচিতি পেয়েছে ‘শাটডাউন’ হিসেবে।
এর আগে গতকাল সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছিল, সোমবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন শুরু হবে। এই সময়ে সব ধরনের সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে। শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।
ওই দিন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও বলেছিলেন, আপাতত সাত দিনের জন্য কঠোর এই বিধিনিষেধ পালন করা হবে। পরে প্রয়োজন হলে আরও বাড়ানো হবে। এবার এই সিদ্ধান্ত কঠোরভাবে পালনের জন্য পুলিশ ও বিজিবির পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকতে পারে।
দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকার গত ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা আরও আট দফা বাড়িয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত করা হয়।
এর মধ্যে আবার স্থানীয় প্রশাসনও বিভিন্ন এলাকায় বিশেষ বিধিনিষেধ দেয়। সর্বশেষ গত রোববার মন্ত্রিপরিষদ বিভাগ নতুন করে ঢাকার আশপাশের চার জেলাসহ মোট সাত জেলায় সার্বিক কার্যাবলি ও চলাচল (জনসাধারণের চলাচলসহ) ৩০ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে।
জেলাগুলো হলো, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ। এর মাধ্যমে সরকার রাজধানী ঢাকাকে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন রাখার চেষ্টা করছে।
এসব চলার মধ্যেই গত বুধবার রাতে সভা করে দেশে করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সারা দেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ বা সবকিছু বন্ধ রাখার সুপারিশ করে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।





