কক্সবাজারে শাক তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের খরুলিয়ায় শাক তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে হাবিবা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ওয়াকিয়া (১১) নামের অপর এক কিশোরী।

 

শনিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিলংজা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাবিবা ওই এলাকার সাবেক মেম্বার মৃত কবির আহাম্মদের দ্বিতীয় স্ত্রীর মেয়ে। আহত ওয়াকিয়া ফরিদ ড্রাইভারের মেয়ে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুল কাদের।

 

তিনি জানান, হাবিবা এবং ওয়াকিয়া তারা দুজনে শখের বসে শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী ভরা খাল নামের বিলে শাক তুলতে যায়। বর্ষায় বিলে বৃষ্টির পানি জমে গভীর হয়ে যায়। এ সময় হাবিবা পানিতে তলিয়ে গেলে বান্ধবী ওয়াকিয়া তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়।

 

পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে কিশোরী দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবাকে মৃত ঘোষণা করেন। অসুস্থ ওয়াকিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *