আবু ত্ব-হা ও তার সঙ্গীদের সন্ধান চান মির্জা ফখরুল

নজর২৪, ঢাকা- নিখোঁজ ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান এবং তার তিন সঙ্গীর সন্ধান দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, নিখোঁজের ছয় দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের খোঁজ বা অবস্থান জানাতে পারেনি সরকার। এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।

 

বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

 

বিবৃতিতে গত ১০ জুন রংপুর থেকে ঢাকা আসার পথে আবু ত্ব-হা মোহাম্মদ আদনান, তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ নিখোঁজ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

 

মির্জা ফখরুল বলেন, আদনানের স্ত্রী-পরিবারসহ অন্যান্যরা প্রধানমন্ত্রীর দফতর, থানা-পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন দফতরে ঘুরলেও তাদের জিডি পর্যন্ত গ্রহণ করা হয়নি বা কোন পদক্ষেপ নেওয়া হয়নি, যা খুবই দুঃখ- উদ্বেগ ও রহস্যজনক।

 

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জান-মালের কোনো নিরাপত্তা নাই। স্বাভাবিক মৃত্যুর কিংবা নিরাপদ জীবন যাপন ও স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা ও নিশ্চয়তা নাই। সব কিছুতেই অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *