রংপুরে জুয়াড়িকে ধরে টাকা নিয়ে ছাড়ল পুলিশ! এসআই ক্লোজ

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় সাজু মিয়া নামের এক জুয়াড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে এসে টাকা নিয়ে ছেড়ে দেয়ার ঘটনায় জগদীশ নামের এক এসআইকে ক্লোজ করা হয়েছে।

 

জানা যায়, সোমবার রাতে উপজেলার রেলস্টেশন এলাকার থেকে সাজু মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। কিন্তু মধ্যরাত পর্যন্ত দেন দরবার শেষে ১০ হাজার টাকায় ছেড়ে দেয়া হয়। এঘটনায় পীরগাছা থানার সাব ইনসপেক্টর(এসআই) জগদীশকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

 

পরিবারের দাবি, আগের দুটি জুয়ার মামলায় জামিনে থাকলেও তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আমরা সেই জামিনের রি-কল জমা দিলেও আর ছাড়ে না। তাকে ছাড়াতে থানায় গেলে কৌশিক ও হৃদয় নামে দুই স্থানীয় দালালের মাধ্যমে কথা বলতে বলে এসআই জগদীশ। পরে তাদের দাবিকৃত ১০ হাজার টাকা দিলে রাত ১২ টায় ছেড়ে দেয়।

 

থানা থেকে ছাড়া পাওয়ার পর সাজু মিয়া জানান, আমি আগে খেললেও এখন আর জুয়ার সাথে সম্পৃক্ত না। আগের দুটি মামলায় জামিনে থাকলেও পুলিশ বিভিন্ন সময়ে আমাকে হয়রানি করে। আমার দোকানের কাজ শেষে বাসায় এসে শুয়ে ছিলাম তখন এসআই জগদীশ এসে আমাকে থানায় ধরে নিয়ে যায়। পরে আমার ছোট ভাই এসআই জগদীশকে ১০ হাজার টাকা দিলে আমাকে ছেড়ে দেয়।

 

এবিষয়ে পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়াড়িকে থানায় নিয়ে এসে টাকা লেনদেনের অভিযোগে তাকে ক্লোজ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *