নজর২৪, ঢাকা- ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি গ্রেপ্তারকৃত নাসির ইউ মাহমুদকে ‘ভালো লোক’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) মুজিবুল হক চুন্নু।
আজ মঙ্গলবার (১৫ জুন) সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে চুন্নু তার দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরকে নিয়ে এই মন্তব্য করেন।
জাপা এমপি বলেন, ‘গতকাল সংসদে একজন সদস্য নায়িকা পরীমনির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেপ্তার হয়েছে। আমি তাকে চিনি। তিনি উত্তরা ক্লাবের তিনবারের প্রেসিডেন্ট ছিলেন। সেই লোকটি জাতীয় পার্টি করেন। তিনি ভালো লোক।’
‘মিডিয়ার কারণে তাকে… মিডিয়াকে অনুরোধ করব… মিডিয়ার কারণে অনেক সময় ভালো লোক… আমি স্বরাষ্ট্রমন্ত্রী…’, এই পর্যায়ে চুন্নুর জন্য নির্ধারিত সময় শেষ হওয়ায় তার মাইক বন্ধ হয়ে যায়।
এর আগে বিদেশে টাকা পাচারকারীদের নাম সংসদে চাওয়ার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, নাম আপনি বের করুন। আমরা কী অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে, নাম বের করব? এত ফিরিস্ত দিলেন। আপনার গোয়েন্দা আছে আরও কত সংস্থা আছে। আপনি বের করুন। মিডিয়ায় দেখেছি এই সংসদের একজন এমপির স্ত্রী কানাডায় বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন।
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, বিএনপির হারুন সাহেব বলেছেন দুদক কেন আমাদের সম্পদের খোঁজ নিচ্ছে না। এলাকায় গেলে লোকে বলে পাঁচ লাখ টাকা দেন, এত টাকা। যদি বলি এত টাকা কোথায় পাব? বলে এমপি-মন্ত্রীদের টাকার অভাব আছে নাকি? আমাদের সম্পদের খোঁজ নিন। নির্বাচনের সময় আমলানামায় যে হিসাব দিয়েছিলাম তার থেকে বেশি পাওয়া গেলে আমি ফেরত দেব। নিয়ে যাক। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি আমাদের সম্পদের হিসাব নেওয়া হোক। সরকার আদেশ দিক।
