সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: পাঁচ টাকা মূল্যের একটি ব্যাগ তল্লাশি করে বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক আইনে মামলা দিয়ে ১২ জুন শনিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
তারা হলেন- আদমদীঘি উপজেলার শালগ্রামের নূর ইসলামের ছেলে এনায়েতুল্লাহ ইসলাম সুমন (২৮) ও কালাইকুড়ী গ্রামের মফিজ আকন্দের ছেলে আব্দুস সালাম (৪২)।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিব হোসেন বলেন, উপজেলার ছাতিয়ান-আদমদীঘি রাস্তার আমতলী নামক স্থানে পাঁচ টাকা মূল্যের একটি বাজারের ব্যাগে গাঁজা বিক্রির উদ্দেশ্যে সুমন ও সালাম অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের ব্যাগটি তল্লাশি করে এককেজি গাঁজা উদ্ধারসহ তাদের গ্রেফতার করেন।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা। অভিনব কায়দায় তারা বেশ কিছু দিন যাবত মাদক বেচা-কেনা করে আসছিলেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুই মাদক বিক্রেতাকে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
