নজর২৪, সিলেট- সিগন্যাল অমান্য করে সামনে চলে যেতে বাধা দেওয়ায় সিলেট নগরীতে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টকে পিটিয়েছে সৌরভ চৌধুরী নামের এক যুবক।
শনিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চৌহাট্টায় ঘটনাটি ঘটে। সৌরভ সিলেটের টুকেরবাজার এলাকার পীরপুর গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। সে নিজেকে ছাত্রলীগ নেতা বলে দাবি করেছে।
ঘটনার পর পুলিশ সৌরভকে আটক করে সিলেট কোতোয়ালি থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করছেন।
পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে নগরীর চৌহাট্টা পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন দুদিকের গাড়ি বন্ধ করে দুদিকের গাড়ি ছাড়েন। কিন্তু ছাত্রলীগ কর্মী সৌরভ সার্জেন্টের সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল নিয়ে এগিয়ে যেতে চাইলে জসিম বাধা দেন।
এসময় সৌরভ উত্তেজিত হয়ে বলেন, ‘আমি ছাত্রলীগ করি। ফোন দিলে তর অবস্থা বেহাল হবে’ একথা বলে ট্রাফিক সার্জেন্টের দিকে তেড়ে গিয়ে মারধর শুরু করেন। এতে ট্রাফিক সার্জেন্ট জসিম বেশ আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ দ্রুত চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভকে আটক করে থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় সৌরভের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বলেন, ছাত্রলীগ কর্মী পরিচয় দানকারী সৌরভ নামের এক যুবক ট্রাফিক সার্জেন্ট জসিমকে বেধড়ক মারধর করেছে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জসিম উদ্দিন ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
এদিকে এ ঘটনার পর চৌহাট্টায় সরেজমিন করেছেন ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য পরিশ্রম করে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের চেষ্টা করি। এজন্য নাগরিক হিসেবে সকলের আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা উচিত। আইন প্রয়োগ করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা খুবই জঘন্য। ওই যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





