নজর২৪ ডেস্ক- ধর্মভিক্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি করতে আগামীকাল সোমবার (৭ জুন) সংবাদ সম্মেলন করার ঘোষণা দিলেও আগেই ফাঁস হয়েছে সংগঠনের কমিটির তালিকা।
৩৮ সদস্যের এই কমিটির তালিকা রবিবার (৬ জুন) রাত নয়টার দিকে গণমাধ্যমের হাতে আসে। নতুন এই কমিটিতে আমির হিসেবে আছেন মাওলানা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব হিসেবে আছেন মাওলানা নুরুল ইসলাম জিহাদি।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নাম রয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মীর ইদরিসের। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মুরুব্বিরা ঠিক করবেন। যে তালিকা এসেছে দেখা যাবে ওটা ঠিক নেই।’
আপনি তো এই তালিকায় সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘মুরুব্বিরা আমাকে যে দায়িত্ব দেবেন, আমি সেটাই পালন করার চেষ্টা করবো।’


এরআগে, রবিবার দুপুরে হেফাজতের সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদির পক্ষে জানানো হয়, সোমবার সকাল ১১টায় খিলগাঁও চৌরাস্তা এলাকায় একটি মাদ্রাসায় নতুন কমিটি ঘোষণা করা হবে।
গত ২৫ এপ্রিল গ্রেপ্তার অভিযানের মুখে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার পর কওমি মাদ্রাসাকেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির ঘোষণা দেয় কওমিভিত্তিক সংগঠনটি।
বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকেই এই কমিটির প্রধান করা হয়। আগের কমিটির মহাসচিব নুরুল ইসলাম জেহাদীকে আহ্বায়ক কমিটির মহাসচিব আর সিনিয়র নামেবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে করা হয় প্রধান উপদেষ্টা। সদস্য করা হয়েছে আল্লামা সালাহউদ্দীন নানুপুরী ও মিজানুর রহমানকে (পীরসাহেব দেওনা)।
