শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময় থেকে বাঙ্গালী জাতির মুক্তির জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। গণমানুষের মুক্তির জন্য সাংবাদিকতাকে একমাত্র ও প্রধান লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করেছেন তিনি।
তাঁর জীবনগাথায় পাওয়া যায়, তিনি ন্যায়ের প্রশ্নে অবিচল থেকে সারা জীবন কাজ করেছেন। দৈনিক ইত্তেফাক প্রতিষ্ঠার মাধ্যমে সাংবাদিকতাকে অবলম্বন করে জীবনব্যাপী তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টির লক্ষ্যে তিনি আমৃত্যু নিরলসভাবে কাজ করে গেছেন। সেজন্য তিনি বাংলার মানুষের কাছে ‘নির্ভীক সাংবাদিক’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রামসহ সকল সংকটে রাষ্ট্রীয় মুখপাত্র হিসেবে কাজ করেছে তফাজ্জল হোসেন মানিক মিয়ার সৃষ্টি ইত্তেফাক। পাকিস্তান বিরোধী যে কোন সিদ্ধান্তের জন্য বঙ্গবন্ধু যাকে আপনজন হিসেবে পরামর্শ নিতে ছুটে আসতেন তিনিই মানিক মিয়া। তাঁর অবদান সবসময় স্মরণ রাখা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ ব্যক্তিত্ব তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল পূর্ববর্তী আলোচনায় বক্তারা এসব কথা বলেছেন।
ইত্তেফাকের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ সভাপতি মাওলানা এম. নুরুল হক চকোরী।
মোনাজাত ও আলোচনায় অংশ নেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মানবজমিন প্রতিনিধি রাসেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আলোকিত কক্সবাজার সম্পাদক ওয়াহিদ রুবেল, আজকের জীবন প্রতিনিধি আবদুল্লাহ নয়ন, একুশে পত্রিকা ও বাংলাদেশ নিউজ প্রতিনিধি জসিম উদ্দিন, বিডি২৪লাইভ প্রতিনিধি শাহীন মাহমুদ রাসেল, সকালের সময় প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, দৈনিক মেহেদী নির্বাহি সম্পাদক নাজিম উদ্দীন, সমুদ্র কন্ঠ’র শাহী কামরান, কক্সবাজার সময়’র এমরান ফারুক অনিক, পূর্বকোণের মো. হুবাইব সজীব, শাহ নেওয়াজ জিল্লু, আজকালের খবর ও সিটিনিউজ প্রতিনিধি তাহজিবুল আনাম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান সরোয়ার ডিপো, মো. ফারুকসহ পেশাজীবি আরো অনেকে।
উল্লেখ্য, তফাজ্জল হোসেন মানিক মিয়ার অবস্থান, ইত্তেফাকের সাংবাদিকতা এবং আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান ছিল এক ও অভিন্ন। ক্ষণজন্মা সাংবাদিক মানিক মিয়া ১৯৬৯ সালের ১ জুন মাত্র ৫৮ বছর বয়সে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । বর্তমান বাংলাদেশে নির্ভীক সাংবাদিকতার প্রেরণা-পুরুষ হিসেবে বিরাজ করছেন তফাজ্জল হোসেন মানিক মিয়া।
