নজর২৪, ঢাকা- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, ওলামায়ে কেরামকে উত্তম আখলাক ও দরদ নিয়ে ইসলাম প্রচারে কাজ করতে হবে। দ্বীন প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামকে সর্বত্র সততা ও তাকওয়ার সাথে নেতৃত্ব দিতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠায় যোগ্যতা, দক্ষতা ও দূরদর্শি করতে হবে। সকল দল ও সামাজিক সংগঠনকে বৃহত্তর স্বার্থে ইসলামের পক্ষে সম্পৃক্ত করার গুরুদায়িত্ব ওলামায়ে কেরামকে পালন করতে হবে।
মঙ্গলবার (১ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এবং সেক্রেটারী জেনারেল মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
এছাড়া আরও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সংগঠনের সহ-সভাপতি মুফতী ওমর ফারুক সন্ধিপী, ড. অধ্যাপক আফম খালিদ হোসেন, ড. মাওলানা বেলাল নূর আজিজী, মুফতী ফরিদ উদ্দিন আল মোবারক।
মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, রাসূল সা. ও হযরত সাহাবায়ে কেরামের আখলাক থেকে সরে আসার কারণে আমাদের এই করুণ পরিণতি। তিনি সকলকে মেজাজে, মননে, আদবে, আখলাকে সর্বক্ষেত্রে নবী সা.-এর আদর্শের অনুসরণ ও অনুকরণের আহ্বান জানান।
