নজর২৪, ঢাকা- সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার দেয়ালে মৃত্যুবার্ষিকীর পোস্টার সাঁটায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা পোস্টার সাঁটিয়ে চলে যাওয়ার পর টিএসসি এলাকায় উপস্থিত থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা সে পোস্টার ছিড়ে ফেলে।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে তিনটা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে পোস্টার সাঁটায়। এসময় ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতা-কর্মী টিএসসির চা দোকানগুলোর সামনে অবস্থান নেয়। ছাত্রদলের নেতা-কর্মীরা পোস্টার সাঁটিয়ে চলে যাওয়ার পর বিকেল সোয়া চারটার দিকে সে পোস্টার ছিড়ে ফেলে অবস্থান নেয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা। দূর থেকে এ দৃশ্য দেখতে পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্মিটি স্ন্যাক্স (ডাস) এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় পোস্টার ছিড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ইবনুল এম হাসান উচ্ছ্বল, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহসভাপতি রবিউল হাসান রানা, স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সাজু, এফ এইচ হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক এনায়েত এম হাসান, লেদার ইনস্টিটিউট ছাত্রলীগের শহীদুল শাকিল, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের কর্মী নাবিল হায়দার, জহুরুল হক ছাত্রলীগের কর্মী আসাদুজ্জামান ফরিদ।
এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাবি ক্যাম্পাসের সার্বিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থে ছাত্রদল সবসময় ধৈর্য ধারণ করেছে। আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পোস্টারগুলো ছিঁড়ে ফেলে ক্যাম্পাসে ক্ষমতাসীন ছাত্রলীগ তাদের ধারাবাহিক উসকানিমূলক কর্মকাণ্ড ও দখলদারিত্বের প্রমাণ রেখেছে। পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে ভিসি স্যার ও প্রক্টর স্যারকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানউল্লাহ আমান বলেন, ছাত্রলীগ যে একটি দখলদার ছাত্রসংগঠন, তাদের মধ্যে যে পরমতসহিষ্ণুতা নেই, পোস্টার ছেঁড়ার মাধ্যমে তা আরেকবার প্রমাণিত হলো, ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা ধৈর্য ধারণ করেছি, এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অভিযোগ জানাবো।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, শাহজাহান শাওন, সজীব মজুমদার, শাফি ইসলাম, আবু সুফিয়ান, এ আর খান লিটন, শরীফুল ইসলাম প্রধান প্রমুখ।
