সয়াবিন তেলের দামে রেকর্ড, এক লাফে লিটারে বাড়ল ৯ টাকা

নজর২৪, ঢাকা- দেশের ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছে ভোজ্যতেলের দাম। চার মাসের চার দফায় বোতলজাত সয়াবিন তেলে লিটারপ্রতি ৩৩ টাকা দাম বাড়ায় সরকার।

 

বৃহস্পতিবার (২৭ মে) নতুন করে লিটারে ১২ টাকা দাম বৃদ্ধিতে এখন ভোক্তাকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে হবে ১৫৩ টাকায়। আর খোলা সয়াবিন তেল কিনতে লিটারপ্রতি গুণতে হবে ১২৯ টাকা।

 

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

 

সংগঠনটি বিজ্ঞপ্তিতে জানায়, এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এত দিন ১৪৪ টাকা ছিল। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭২৮ টাকায়।

 

এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা। এ দফায় পাম তেলের দাম লিটারপ্রতি এক টাকা কমানো হয়েছে।

 

ভোজ্যতেল বিপণনকারী শীর্ষস্থানীয় কোম্পানি টি কে গ্রুপের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অপারেশনস) মো. শফিউল আথহার তাসলিম প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে তেলের দাম অস্বাভাবিক রকমের বেশি। আমদানি মূল্য ধরে দাম লিটারপ্রতি ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে। তবে মন্ত্রণালয় ৯ টাকা বাড়ানোর বিষয়টি অনুমোদন দেয়। এ দরে আগামী শনিবার থেকে তেল বিক্রি হবে।

 

দেশের বাজারে গত অক্টোবরেও প্রতি পাঁচ লিটারের এক বোতল সয়াবিন তেলের দাম ছিল ৫০৫ টাকা। এরপর থেকে তা বাড়ছেই। নতুন দাম কার্যকর হলে গত অক্টোবরের তুলনায় পাঁচ লিটার তেল কিনতে মানুষের ব্যয় বাড়বে ২২৩ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *