শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতির নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষাকার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।

 

এতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা সাপেক্ষে আগামী ১৩ জুন থেকে এ বিভাগের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

 

একইসঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের বন্ধের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

এই সময়ে নিজেদের ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে স্থান করবেন এবং টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবেন। শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধকালীন শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পরিবীক্ষণ করবেন বলে জানানো হয়েছে।

 

উল্লেখ্য, শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়িয়ে ১৩ জুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্তের কথা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *