সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: মেয়াদোত্তীর্ণ, নকল ও অনুমোদনহীন ওষুধ রাখায় বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২ মে রোববার সকালে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় নিউ সিটি ফার্মেসি এবং রাসেদা ফার্মেসিকে জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শজিমেক হাসপাতালের সামনে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ফার্মেসিগুলোয় পরিদর্শন করেন আদালত। অভিযানে নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসি নামে দুটি প্রতিষ্ঠান তাদের নিবন্ধন ও ওষুধের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি।
এছাড়া দোকান দুটিতে অনুমোদনহীন দেশি-বিদেশি ওষুধ পাওয়া যায়। এসব অপরাধের কারণে ওষুধ আইন ১৯৪০ এর ধারা মোতাবেক নিউ সিটি ফার্মেসি ও রাসেদা ফার্মেসিকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা
হয়।
অভিযান পরিচালনার সময় জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম মোল্লাসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
