নজর২৪, ঢাকা- রাজধানীর পৃথক দুই থানার নাশকতার দুই মামলায় হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ এপ্রিল) পুরান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত এ আদেশ দেন।
বিচারক ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় মতিঝিল থানায় করা মামলায় ৩ দিন এবং মোদিবিরোধী আন্দোলনের সময়, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন থানার করা মামলায় মামুনুলকে ৪ দিনের হেফাজতে নেয়ার আদেশ দেন।
পুলিশ দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছিল।
এর আগে সোমবার বেলা ১১টার দিকে কড়া নিরাপত্তায় মামুনুলকে আদালতে তোলা হয়।
এদিকে হেফাজত নেতা মামুনুলকে আদালতে নেওয়াকে কেন্দ্র করে পুরান ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আশপাশের এলাকা ঘিরে সাধারণ লোকজনের চলাফেরা নজরদারি ও তল্লাশি করা হচ্ছে। আদালতে আইনজীবী ও বিচারপ্রার্থীদেরও তল্লাশির আওতায় রাখা হয়েছে।
