টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সিএনজি চালক নিহত

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় মুহাম্মদ হোসেন (৩০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মুহাম্মদ আয়াস (২৯) নামে একজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত আটটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার ন্যাচার পার্ক সংলগ্ন উত্তর দমদমিয়ায় এই ঘটনা ঘটে। নিহত মো. হোসেন জাদিমুরা গ্রামের বাচ্চুর ছেলে। আহত যুবক রোহিঙ্গা মুজিবুল্লার ছেলে আয়াজ।

 

নিহত মুহাম্মদ হোসেনের ভাই জাহিদ হোসেন জানিয়েছেন, মুহাম্মদ হোসেন বন্ধুদের সাথে টেকনাফ জাদিমুড়া এলাকার নেছার পার্কে ঘুরতে যায়। এ সময় তারা এক জায়গায় বসে গল্প করছিলো। হঠাৎ রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের গুলিবর্ষণ করলে সে গুলিবিদ্ধ হয়। এতে আরো কয়েকজন গুলিবিদ্ধ হতে পারে বলে আশংকা করেছেন তিনি।

 

পরে তারা মুহাম্মদ হোসেনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

অন্যদিকে স্থানীয় মেম্বার মো: আলী জানান, রোহিঙ্গা ডাকাত কর্তৃক অপহরনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। প্রতিবাদ করায় এলোপাতাড়ি গুলি করলে রোহিঙ্গা মুজিবুল্লাহ ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচ্চুর পুত্র মোহাম্মদ হোসেন (৩০) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

 

আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সাড়ে ৮ টায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। এসময় পথিমধ্যে মোঃ হোসেনের মৃত্যু ঘটে।

 

এ ব্যাপারে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম মৃত্যুর খবর নিশ্চিত করতে পারলেও কারা হামলা করেছে তা নিয়ে খবরাখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *