নিজস্ব প্রতিবেদক, নজর২৪- ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আখতার হোসেনে আখতার হোসেনের দ্রুত সময়ের মধ্যে মুক্তি চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর।
বুধবার (১৪ এপ্রিল) ভোররাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ দাবি জানান।
ছাত্রনেতা আখতার দীর্ঘ কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন জানিয়ে ভিপি নুর লিখেন, মাত্র কয়েকদিন আগে সে টাইফয়েড থেকে সেরে উঠেছে। এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। গত ৬ মাসে তার ১০ কেজি ওজন কমছে। সে সম্পূর্ণ রেস্টে ছিল। অসুস্থ থাকায় দীর্ঘদিন ধরে সাংগঠনিক কাজেও ঐভাবে সক্রিয় ছিল না।
‘গতকাল রমজান উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভাসমান দোকানদারের জন্য ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাড়ি যাওয়ার আগে আখতার একটু প্রাণের ক্যাম্পাসে এসেছিল। বাসায় ফেরার পথে সন্ধ্যার দিকে শহীদ মিনার এলাকা থেকে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া ডাকসুর নির্বাচিত সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে পুলিশ তুলে নিয়ে যায়।’
নুরুল হক নুর বলেন, লকডাউনের নামে ভিন্নমত ও বিরোধীদের দমনে সরকারের নির্মমতার নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সময়ের মধ্যে আখতারের মুক্তি চাই।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ছাত্রনেতা আখতার হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তুলে নেওয়া হলেও শাহবাগ থানা পুলিশ তখন অস্বীকার করেছিল।
তবে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সম্প্রতি রাজধানীর মতিঝিলে ছাত্র অধিকার পরিষদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
