Home জাতীয় সংঘর্ষের মামলায় ছাত্র অধিকার নেতা আখতার গ্রেপ্তার, জানাল পুলিশ

সংঘর্ষের মামলায় ছাত্র অধিকার নেতা আখতার গ্রেপ্তার, জানাল পুলিশ

0
75

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক ও ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আখতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ জানায়, তারা আখতারকে একটি মামলায় গ্রেপ্তার করেছে।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে তুলে নেওয়া হলেও শাহবাগ থানা পুলিশ তখন অস্বীকার করেছিল।

 

তবে রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, সম্প্রতি রাজধানীর মতিঝিলে ছাত্র অধিকার পরিষদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জানা গেছে, সন্ধ্যায় টিএসসির ভাসমান দোকানদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের পরে চানখাঁরপুলের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রইস উদ্দিন আখতারতে গাড়িতে তুলে নেন বলে অভিযোগ করেন তার সাথে থাকা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবদুর রহীম বলেন, ‘আখতারকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে আমি শুনেছি।’

 

বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোনো শিক্ষার্থীকে পুলিশ এভাবে তুলে নিয়ে যেতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাকে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নিয়ে যাওয়া হয়নি। তবে কারো বিরুদ্ধে যদি আইনশৃঙ্খলা বিষয়ক পুলিশের কিছু করণীয় থাকে, সেক্ষেত্রে আইন তার নিজের গতিতে চলবে। আমাদের প্রত্যাশা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরীহ শিক্ষার্থী কারো দ্বারা হয়রানি হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here