সোমবার লালমনিরহাটে সকাল-সন্ধ্যা হরতালের ডাক ছাত্রলীগের

নজর২৪ ডেস্ক- লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতিসহ অন্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার (১২ এপ্রিল) সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে জেলা ছাত্রলীগ।

 

শুক্রবার (৯ এপ্রিল) রাতে জেলা ছাত্রলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

 

এর আগে এ ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু।

 

পাপ্পু বলেন, লালমনিরহাট জেলায় এক যুগ ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান একনায়কতন্ত্র কায়েম করে লিমিটেড কোম্পানিতে পরিণত করার চেষ্টা করছেন।

 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান তার আপন ভাগনে ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হতে না পারায় বক্করের সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন পায়তারা করে আসছেন।

 

ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্কর এর প্রতিবাদ করায় প্রয়াত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবু সাঈদ মো. দুলালসহ সর্বসাধারণের সমর্থনে জনপ্রিয়তার শীর্ষে উঠছিলেন। তাকে দমাতেই অ্যাডভোকেট মতিয়ার তার আপন বোনের বাড়িতে হামলা ও বোনকে আহত করার মিথ্যা নাটক সাজিয়ে ছাত্রলীগ সভাপতি জাবেদ হোসেন বক্করকে দায়ী করে শুক্রবার বিকেলে সদর থানায় একটি অভিযোগ দেন।

 

বিষয়টি ছাত্রলীগের নেতাকর্মীদের কানে আসার পরপরই প্রতিবাদ জানায়। সেইসাথে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগ জেলা শহরে বিক্ষোভ মিছিল ও থানায় অবস্থান নেয়।

 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে আগামী সোমবার লালমনিরহাট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল দেয়া হবে। এরপরও যদি সমাধান না হয়, তাহলে পরবর্তীতে কঠিন কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *