নজর২৪, ঢাকা- করোনা মোকাবেলায় এক বছরে ১ হাজার আইসিইউ স্থাপন করতে পারেননি কেনো?, সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। করোনা সংক্রমণের ভয়াবহতার প্রেক্ষাপটে করণীয় বিষয়ে নাগরিক সংবাদ সম্মেলনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু। এতে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গন-সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নূরুল হক নূর, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য নাঈম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা ইসতিয়াক আজিজ উলফাত, রাষ্ট্র চিন্তার দিদারুল ভুঁইয়া।
বক্তব্যে নুরুল হক নুর বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে ততোদিন এই সত্য মানতে হবে যে শুধুমাত্র ভিন্নমতের কারণে সরকার গণস্বাস্থ্যের কীটকে অনুমোদন দেয়নি। সরকারকে কাছে প্রশ্ন- এক বছরে ১ হাজার আইসিইউ স্থাপন করতে পারেননি কেনো? এমন কী ভ্যাকসিন নিতে গিয়ে মানুষ প্রতিবন্ধকতার শিকার হচ্ছে।’
নূর আরও বলেন, ‘সকলকে নিয়ে সরকার একটা জাতীয় কমিটি করে করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। আপনাদের প্রতি আস্থা নেই মানুষের। কাজেই জাতীয় কমিটি করে সকলকে সঙ্গে নিয়ে মানুষের আস্থা অর্জন করুন।’
তিনি বলেন, মানুষ আপনাদের (সরকারের) কথা শুনে না। আপনার সত্য কথা বললেও মানুষ মনে করে মিথ্যা বলছেন। কারণ আপনারা তো ভোটে নির্বাচিত নয়। আর সব সময় আপনারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও তথ্য দিয়ে গেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে যে করোনার দ্বিতীয় ঢেউ আসবে সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু সরকার সে দিকে নজর না দিয়ে নরেন্দ্র মোদির আগমন নিয়ে ব্যস্ত ছিল। আর ব্যস্ত ছিল মোদিবিরোধী বিক্ষোভ কীভাবে দমাবে তা নিয়ে। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এদেশে আল্লাহর দয়ার ওপর চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এখানে সরকারকে ট্যাক্স দিলেও সেবা পাওয়া যায় না।
সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, আগের মহামারিগুলো থেকে আমরা বোঝতে পেরেছি যে করোনার দ্বিতীয় ঢেউ কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু এ নিয়ে সরকারের কোনো প্রস্তুতিই ছিল না। তাদের প্রস্তুতি হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় ঢেউ আসবে না, আমরা করোনা চেয়ে শক্তিশালী এসব বলা।
