হেফাজতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন: বাবুনগরী

নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদীসহ ১৭ নেতার বিরুদ্ধে দেওয়া মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, হেফাজতের নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা।

 

বিবৃতিতে বাবুনগরী বলেন, গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর পুলিশের সহযোগী হেলমেট পরা ও চাপাতি-রামদা হাতে একদল সন্ত্রাসী বিনা উসকানিতে আক্রমণ চালায়। পাশাপাশি পুলিশও মুসল্লিদের ওপর গুলি চালায়।

 

তিনি বলেন, সেদিন হেফাজতে ইসলামের কোনো কর্মসূচি ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতের ১৭ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করা হয়েছে। অবিলম্বে এসব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে সরকারের কাছে জোর দাবি জানাই। অন্যথায় আলেম-ওলামার সাথে বাড়াবাড়ির কারণে সরকার নিঃসন্দেহে জনগণের কাছে ঘৃণিত ও নিন্দিত হবে।

 

বাবুনগরী আরও বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। কাউকে ক্ষমতা থেকে নামানো কিংবা কাউকে ক্ষমতায় বসানো হেফাজতের কাজ নয়। আমরা শান্তিপ্রিয় এবং সহিংসতার বিরুদ্ধে। কিন্তু হামলা-মামলা ও দমন-পীড়ন চালিয়ে কখনোই সহিংসতা রোধ করা সম্ভব নয়।

 

প্রতিবাদ ও বিক্ষোভ জানানো জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার হরণ করে শান্তি প্রতিষ্ঠা করা যায় না। কোনো বিদেশি আধিপত্যবাদী শক্তির প্ররোচনায় কোনো ধরনের আত্মঘাতী ও হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে সরকারকে আহ্বান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *