নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েলের পিতা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
এই বর্ষীয়ান আওয়ামিলীগ নেতার প্রথম নামাযে জানাজা বিকাল সাড়ে ৫টায় চণ্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
এ সময় মরহুমের জীবনী নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন, মরহুমের সন্তান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ উদ্দিন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, নান্দাইল মডেল থানার অফিসার ইনর্চাজ মিজানুর রহমান আকন্দ প্রমুখ।
নামাযে জানাজায় ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা আওয়ামিলীগ নেতৃবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের মানুষজন অংশগ্রহণ করেন।
পরে উপজেলার শেরপুর ইউনিয়নে খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের দ্বিতীয় নামাযে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।





