নজর২৪, ঢাকা- হেফাজত নেতা মামুনুল হককে জঘন্য ব্যক্তি আখ্যা দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘রোম যখন পুড়ছিল সম্রাট নিরো বাঁশি বাজাচ্ছিলেন। বাংলাদেশ পুড়ছে, ব্রাক্ষণবাড়িয়া পুড়ছে আর উনি ফুর্তি করতে গিয়েছেন।’
সোমবার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ এই মন্তব্য করেন। হেফাজতে ইসলামের তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিন পরিদর্শনের পর তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
‘নিশ্চিয়ই আমরা হেফাজতকে সমর্থন করি না’ উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ‘মানুনুল হকের মতো একটা জঘন্য ব্যক্তি, উনি যে সব কথাবার্তা বলেন….। এদেশ উনার বাবা করেছেন? আমরা করেছি। আমরা এ দেশের জন্য প্রাণ দিয়েছি।’
তাদেরকে (হেফাজত) সরকারের এত পীরিতের কারণটা কী, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘তাদের একজনের বিরুদ্ধেও মামলা হচ্ছে না। আইজি সাহেব খুব সুন্দর কথা বলেন, কিন্তু আসল জায়গায় হাত দিতে ভয় পান।’
হেফাজতের আদর্শ ও রাজনীতি কোনোটাতেই সমর্থন করেন না উল্লেখ করেন তিনি বলেন, তবে তাদেরও মিটিং-মিছিল করার অধিকার আছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফত, রাষ্ট্রচিন্তার অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, রাষ্ট্র চিন্তার দিদারুল ভূইয়া, নারীর জন্য সুশাসনের নির্বাহী পরিচালক রুবী আমাতউল্লাহ, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক ও ব্যারিস্টার সাদিয়া আরমান প্রমুখ।
