Home আলোচিত ‘মামুনুল হকের উপর হামলা পরিকল্পিত’, আল্লামা বাবুনগরীর নিন্দা

‘মামুনুল হকের উপর হামলা পরিকল্পিত’, আল্লামা বাবুনগরীর নিন্দা

0
117

নজর২৪, চট্রগ্রাম- নারায়ণগঞ্জে এক রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্থা করার কড়া সমালোচনা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর,দারুল উলূম হাটহাজারীর শিক্ষা পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

শনিবার (৩ এপ্রিল) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লামা বাবুনগরী বলেন, আলেমগণ নবীগণের উত্তরসূরী। মহান আল্লাহর কাছে একজন আলেমের মর্যাদা অনেক বেশি। তাছাড়া তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান এবং শায়খুল হাদিস।

 

তাঁর মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তাঁর উপর এতবড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদী জনতা কখনোই মেনে নিবে না। মনে রাখতে হবে, কাউকে অপবাদ দেয়া বড় একটি অপরাধ।

 

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে তিনি বলেন, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কিভাবে তাঁর উপর হামলা করেছে। তাদের হামলার ধরণ দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবী হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

 

উল্লেখ্য, বিকালে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন মামুনুল হক।

 

মামুনুল হক অবরুদ্ধ এমন খবর শুনে সেখানে সন্ধ্যার পর জড়ো হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। একপর্যায়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে নিয়ে যান তারা।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশাররফ হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ শেষে মামুনুল হককে থানায় নেওয়ার পথে রিসোর্টে হামলা চালান হেফাজতের কর্মীরা। পরে মামুনুল হককে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়। সেখানে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান হেফাজতের কর্মীরা। এ সময় বাধা দিতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

এদিকে সন্ধ্যায় মুক্ত হয়ে হেফাজত কর্মীদের উদ্দেশে মামুনুল বলেন, ‘আপনাদের ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সাংবাদিক ও পুলিশ আমার সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। কিছু বাইরের লোক খারাপ আচরণ করেছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখানে ঘুরতে এসেছিলাম। আপনারা শান্ত থাকুন।’

 

পরে রাত ৯টার দিকে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি বলেন, ‘আমি নিরাপদে আছি, পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক! কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না !!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here